রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে বিমানবন্দরের কার্গো শাখায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম আরও জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 




















