সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ রুকাইয়া নুর (১০) নামে এক শিশুর লাশ প্রায় ৪০ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রামের পাশে লাশটি ভেসে ওঠে। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রুকাইয়া নুর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশে যাওয়ার পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রুকাইয়া।
জানা গেছে, রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশে রওয়ানা হয়। পথে বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় হঠাৎ নদীতে পড়ে যায় শিশুটি। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
খবর পেয়ে শুক্রবার বিকাল ৪টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, রোববার ভোর ৫টার দিকে শিশুটির ভাসমান লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
নিজস্ব প্রতিবেদক 
























