আওয়ামী লীগের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, নির্যাতন, আয়নাঘরের মতো ঘটনা ঘটানোর পরও তাদের কোনো অনুশোচনা নেই। আবার তারা বলে, ডিসেম্বর মাসে দেশে আসবে। আসুক দেশে, রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে প্রয়োজন হলে বাংলাদেশের জন্য আরেকটি যুদ্ধও করব। বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব। ১৯৭১ সালে যুদ্ধ করে আহত হয়েছিলাম, এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।”
বুধবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাইয়ের ইতিহাস গৌরবের ইতিহাস। পৃথিবীতে এমন সাহসী জাতি খুব কম আছে, যারা সঙ্গীনের সামনে আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়াতে পারে। আমরা সেই জাতি, এ নিয়ে আমরা গর্ব করি।”
জুলাই যোদ্ধাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “মন খারাপ করবেন না। ১৯৭১ সালের শহীদরাও অনেক কিছু পাননি। আপনারাও হয়তো সবকিছু পাবেন না। কিন্তু এই সরকারের কাছ থেকে সম্মান অবশ্যই পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনৈতিক প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।
এমএইচ
নিজস্ব প্রতিবেদক 


















