এখন থেকে মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনেই রিচার্জ করা যাবে। গত ২৫ নভেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে রাজধানী ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ কার্যক্রম উদ্বোধন করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ফলে মেট্রোতে চলাচলের জন্য এখন থেকে ঘরে বসেই কার্ড রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই কার্ড রিচার্জ করা যাবে।
যেভাবে কার্ড রিচার্জ করবেন
কার্ড রিচার্জের জন্য ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তৈরি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। রিচার্জ অপশনে গিয়ে র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ অপশন বেছে নিতে হবে।
এরপর ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের যে কোনো পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা পরিশোধ করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা নতুন যন্ত্রে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সম্পন্ন হবে।
নীতিমালা অনুযায়ী, পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং ৩ মাস পর্যন্ত বৈধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে। তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে ৭ দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন। সে ক্ষেত্রেও একই হারে ১০ শতাংশ ফি প্রযোজ্য হবে।
নিজস্ব প্রতিবেদক 



















