নিউইয়র্কের রাজনীতি ও মূলধারায় জায়ড়া করে নিচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এরই স্বীকৃতি হিসেবেই যেন নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির হালনাগাদ ঘোষিত ট্রানজিশন টিমে অন্তত ৯ জন বাংলাদেশির অন্তর্ভুক্তির খবর পাওয়া গেছে।
তালিকায় বাংলাদেশিদের মধ্যে রয়েছে নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, জনসংগঠক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিরা আক্তার, আরমান চৌধুরী, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামলী হক। ৪০০ জনের অধিক নামের ট্রানজিশন টিমে সংখ্যায় কম মনে হলেও এবারই প্রথম এতো সংখ্যক বাংলাদেশি এ টিমে স্থান পাচ্ছে। এ তালিকায় বাংলাদেশিদের সংখ্যা আরও বাড়তে পারে।
৯ জন বাংলাদেশি ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্য দেশের মধ্যে অন্তত ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয় আছেন বলে জানা গেছে।
মামদানির অফিসিয়াল টিমে ৯ বাংলাদেশি অন্তর্ভুক্তির খবরে কমিউনিটিতে ব্যপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা দিয়েছে। অন্তর্ভুক্ত টিমে পরিচিতজনদের তারা ব্যাপকভাবে অভিনন্দন জানাচ্ছেন।
২৪ নভেম্বর জোহরান মামদানি এবং তার ট্রানজিশন টিম ঘোষণা করেছেন ৪০০ এর বেশি নিউইয়র্কবাসীর নাম। যারা আসন্ন প্রশাসনকে সিটির জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়তা করবেন। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বাড়ির ভাড়া বৃদ্ধি, চাইল্ড কেয়ারের ব্যয়, পরিবহন সুবিধা, ব্যবসায় উন্নয়ন এবং জরুরি প্রস্তুতি। এই কমিটি সদস্যরা পার্সোনেল নিয়োগে গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসাবে কাজ করবেন এবং নীতিমালা তৈরি, বাস্তবায়ন এবং এজেন্সি সেরা চর্চা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করবেন।
নিজস্ব প্রতিবেদক 

























