ঝমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইউএসবিসিসিআই ব্যবসায় মেলা ও বৈশ্বিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রদর্শনী ২০২৫।
গত ২১ ও ২২ নভেম্বর লাগার্ডিয়া বিমানবন্দরের কাছে ডাবলট্রি বাই হিলটন হোটেলে আয়োজিত এ প্রদর্শনী যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এতে দেশি–বিদেশি ৪০টির বেশি সরকারি ও বেসরকারি ব্যাংকিং, স্থাবর সম্পদ, তথ্যপ্রযুক্তি, বিনিয়োগ, খাবার ব্যবসা, হিসাব–নিরীক্ষা এবং ব্যবসায়–পরামর্শ প্রতিষ্ঠান অংশ নেয়।
মেলার উদ্বোধন করেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা সদস্য জেনিফার রাজকুমার। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির ব্যবসা ও নেতৃত্বের বিকাশ যুক্তরাষ্ট্রে দ্রুত এগোচ্ছে। এই ধরনের আন্তর্জাতিক আয়োজন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসবিসিসিআইর সভাপতি লিটন আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় ক্ষুদ্র ব্যবসার ঋণ সুবিধা, নারী ও সংখ্যালঘু উদ্যোক্তা সনদ, ঝুঁকি–নিরাপত্তা এবং ব্যবসায়িক উন্নয়ন বিষয়ে আলোচনা, ব্যবসায়িক পরিচিতি সভা, তরুণ উদ্যোক্তা আলোচনা, শ্রেষ্ঠত্ব পুরস্কার ও প্রযুক্তি বিষয়ক বিশেষ বৈঠকসহ নানা আয়োজন ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
ইউএসবিসিসিআইর সভাপতি লিটন আহমেদ জানান, বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসায়িক সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছে। তাঁর ভাষায়, ‘বাংলাদেশে তৈরি পণ্যকে বৈশ্বিক বাজারে পরিচিত করতে এই প্ল্যাটফর্ম বড় ভূমিকা রাখবে।
====-
নিজস্ব প্রতিবেদক 
























