বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে এফবি জান্নাত-জুনায়েদ নামে তালতলীর একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও ২ জেলে এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া জেলেরা তালতলীসহ পটুয়াখালী ও খুলনার বাসিন্দা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন- তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকার মৃত হরমুজ আলী ছেলে মো. নবী হোসেন (৪৫) এবং বড়বগী ইউনিয়নের মৃত মো. মনির হোসেনের ছেলে মো. রকিবুল (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তালতলীর বাসিন্দা মো. আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন এফবি জান্নাত-জুনায়েদ নামে একটি ট্রলার নিয়ে ১৩ জন জেলে মাছ শিকার করতে সমুদ্রে যায়। পরে সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকার শেষে দ্রুত ট্রলার নিয়ে উপকূলের উদ্দেশ্যে রওয়ানা করেন তারা। এ সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে মঙ্গলবার সকালের দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। পরবর্তীতে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য আরেকটি ট্রলারের জেলেরা ১১ জনকে জীবিত উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটিতে থাকা বাকি দুই জেলে এখনও নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বলেন, ট্রলার ডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুই জেলেকে উদ্ধার করতে অভিযান চলমান রয়েছে। তবে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে।
এমএইচ
নিজস্ব প্রতিবেদক 



















