দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন, অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ২৪০ জন নারী ও শিশু। এর মধ্যে ৫১ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। একই সময়ে বিভিন্ন কারণে ৪২ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ২৮ জনের।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের নারী ও কন্যা নির্যাতনের এ পরিসংখ্যান প্রকাশ করে সংগঠনটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ধর্ষণের শিকার ৫১ জনের মধ্যে ৩৪ জন কন্যাশিশু এবং ১৭ জন নারী। তাদের মধ্যে ছয়জন কন্যাশিশুসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই কন্যাশিশুসহ তিনজনকে। এ ছাড়া ১৭ জন কন্যাশিশুসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
একই সময়ে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৪২ জন নারী ও শিশুকে। তাদের মধ্যে সাতজন কন্যাশিশু এবং ৩৫ জন নারী। এ ছাড়া পাঁচ কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন ২৩ জন। তাদের মধ্যে ছয়জন কন্যাশিশু ও ১৭ জন নারী। আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন দুই কন্যাশিশুসহ সাতজন।
প্রতিবেদনে যৌন সহিংসতার চিত্রও উদ্বেগজনক। অক্টোবর মাসে ১৫ জন কন্যাশিশুসহ ২১ জন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে সাতজন কন্যাশিশুসহ নয়জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। একই সময়ে সাতজন কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন একজন কন্যাশিশুসহ তিনজন। এ ছাড়া অ্যাসিডদগ্ধ হয়েছেন একজন এবং অগ্নিদগ্ধ হয়েছেন তিন কন্যাশিশুসহ চারজন।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন সাতজন নারী। তাদের মধ্যে ছয়জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। এ ছাড়া দুই কন্যাশিশুসহ আটজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অপহরণের ঘটনাও ঘটেছে। অক্টোবর মাসে ছয়জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া নয়জন কন্যাশিশুসহ ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার হয়েছেন একজন কন্যাশিশুসহ দুজন। বাল্যবিবাহের শিকার হয়েছেন একজন এবং একজনের বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া দুই কন্যাশিশুসহ সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
এমএইচ
নিজস্ব প্রতিবেদক 










