হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৬১ দশমিক ৮ গ্রাম (প্রায় ৭৪ ভরি) স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তাররা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তারদের তল্লাশি করে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, গতকাল রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তিনি বলেন, আজ এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয় যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় চোরাচালানের উদ্দেশ্যে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ নিয়ে এসে নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় আমরা নিরাপত্তায় আপসহীন, অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ। চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ও তৎপর ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
এমএইচ
নিজস্ব প্রতিবেদক 
























