আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার নজরদারি জোরদার করতে সামরিক বহরে আরও দুটি মার্কিন তৈরি এমকিউ-৯বি সশস্ত্র ড্রোন যুক্ত করছে ভারত।
মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য দুটি ‘এমকিউ-৯বি সিগার্ডিয়ান হাই-অ্যাল্টিচুড লং-এন্ডুরেন্স’ ড্রোন ৩০ মাসের জন্য ইজারা (লিজ) নেওয়া হচ্ছে।
সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রায় ১ হাজার ৯৪৩ কোটি রুপি মূল্যের এই চুক্তিটি দিল্লিতে স্বাক্ষরিত হয়েছে।
কেন বিশেষ এই ড্রোন?
এমকিউ-৯বি সিগার্ডিয়ান মূলত উচ্চ প্রযুক্তির একটি চালকবিহীন আকাশযান। এটি একইসঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সার্বক্ষণিক নজরদারি এবং লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে সক্ষম।
অত্যাধুনিক সেন্সর ও আধুনিক পেলোডসমৃদ্ধ এই ড্রোন টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে এবং ৪০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় কাজ করতে পারে।
সমুদ্র ও স্থলভাগের বিশাল এলাকা নজরদারির পাশাপাশি সাবমেরিন বা ডুবোজাহাজ ধ্বংস করার স্বয়ংসম্পূর্ণ মিশন কিটও রয়েছে এতে।
এর আগে ভারত জেনারেল অ্যাটমিকসের কাছ থেকে তিন বাহিনীর জন্য ৩ বিলিয়ন ডলার মূল্যের ৩১টি এমকিউ-৯বি ড্রোন কেনার বড় চুক্তি করেছিল।
ওই চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনী ১৫টি ‘সিগার্ডিয়ান’ এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী পাবে আটটি করে স্থল সংস্করণ ‘স্কাইগার্ডিয়ান’ ড্রোন।
সামরিক বিশ্লেষকদের মতে, নতুন করে দুটি ড্রোন যুক্ত হওয়ায় ভারতের সামগ্রিক নজরদারি ও প্রতিরক্ষাবলয় আরও সুরক্ষিত হবে।
এমএইচ
আন্তর্জাতিক ডেস্ক 





















