নতুন করে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য জানা গেছে। মঙ্গলবার রাত পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
ইরানে প্রায় তিনশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
একই সঙ্গে লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে আইডিএফ।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান ও লেবাননে শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’ তারা আরো জানিয়েছে, ‘প্রতিরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমানবাহিনী ধারাবাহিকভাবে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর হামলা চালিয়ে যাচ্ছে।’
এদিকে ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
সূত্র : বিবিসি
এমএইচ
আন্তর্জাতিক ডেস্ক 





















