গোল্ড কার্ড ভিসার আওতায় নতুন ভিসা পদ্ধতি নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিদেশি বিনিয়োগ আকর্ষণের এ নতুন প্রস্তাবে কোন ব্যক্তি এ মিলিয়ন ডলার অনুদান দিলেই মিলতে পারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। তবে এজন্য আয়ের বৈধ উৎস দেখাতে হবে।
নতুন প্রস্তাবের লক্ষ্যে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ‘গোল্ড কার্ড’ স্থায়ী রেসিডেন্সি প্রোগ্রামের খসড়া ফর্ম আই-১৪০জি ও ব্যবস্থাপনা ও বাজেট অফিসে পাঠিয়েছে। খসড়া ফর্মটি অনুমোদনের পরই এটি সাধারণের জন্য প্রযোজ্য হবে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশি নাগরিকরা ইউএস ট্রেজারিতে বড় অঙ্কের অর্থ দান করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারবেন। এক্ষেত্রে ব্যক্তি নিজের জন্য আবেদন করলে তাকে এক মিলিয়ন ডলার অনুদান দিতে হবে। আর কোম্পানির মাধ্যমে আবেদন করলে অনুদানের অংক বেড়ে দুই মিলিয়ন ডলার হবে। আবেদনকারীর জন্য ফি ধরা হয়েছে পনেরো হাজার ডলার।
প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে মার্কিন গোল্ড কার্ডের জন্য আবেদন করতে হবে। এরপর নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং শেষপর্যায়ে ইউএসসিআইএস-এ ফর্ম জমা দিয়ে দানের উৎস বৈধ কিনা যাচাই করাতে হবে।
আবেদন অনুমোদিত হলে, আবেদনকারীকে বিদেশে মার্কিন কনস্যুলেটের মাধ্যমে কনসুলার প্রসেসিং সম্পন্ন করতে হবে এবং বৈধ স্থায়ী রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ইউএসসিআইএস অনুমান করছে, প্রতি বছর আনুমানিক এক হাজার আবেদন জমা হতে পারে। ডিসেম্বরের মাঝামাঝি এসব বিষয় প্রকাশিত হতে পারে।
গোল্ড কার্ডধারীরা ইবি-১ বা ইবি-২ ভিসার মাধ্যমে স্থায়ী রেসিডেন্ট হবেন। এছাড়া, $৫ মিলিয়ন দানের বিনিময়ে ‘প্লাটিনাম কার্ড’ প্রোগ্রামের সুযোগও রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























