জর্ডানের কারাক গভর্নরটের এক গির্জায় সাম্প্রতিক প্রাণঘাতী বন্দুক হামলার জবাবে সিরিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে জর্ডান সশস্ত্র বাহিনী। এতে তিন শিশু ও এক নারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এই হামলার প্রেক্ষাপটে সিরিয়া জর্ডানের সঙ্গে সংযোগকারী প্রধান সীমান্ত পথটি বন্ধ করে দিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা সিরিয়ার সঙ্গে সমন্বয় করে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীদের আস্তানাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। তাদের দাবি অনুযায়ী, ‘সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে’ পরিচালিত এই হামলায় ‘এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর অনেক সদস্য নিহত ও আহত হয়েছে এবং তাদের একাধিক যানবাহন ধ্বংস করা হয়েছে।’
সিরিয়া সরকার জর্ডানের সঙ্গে কোনো ধরনের সমন্বয়ের কথা অস্বীকার করেছে। এক বিবৃতিতে সিরীয় সরকার উল্লেখ করে, ‘এই সামরিক অপারেশনটি কোনো পূর্ব সমন্বয় বা অবহিতকরণ ছাড়াই চালানো হয়েছে’ এবং তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জর্ডানের এই বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক হামলা’ বলে অভিহিত করেন। তিনি আল জাজিরাকে জানান, সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করেই পররাষ্ট্র মন্ত্রণালয় এর পরিণতি সমাধানের চেষ্টা করবে।
সিরিয়ার সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেটস জানিয়েছে, দারা ও সুওয়েদা প্রদেশের চারটি স্থানে হামলা চালানো হয়। দারা প্রদেশের আল-তাই গ্রামের এক তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যার মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। ওই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
দারা প্রদেশের আল শাইয়াহে এক হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। সুইদা প্রদেশের শাহবা শহরে এক হামলায় ৬০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন। এছাড়া মুজায়রিবে আবাসিক ভবনে হামলা চালানো হলেও সেখানে কেউ হতাহত হননি।
হামলার পর সিরিয়া তাদের একমাত্র সীমান্ত পথ নাসিব ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার ফলে যাত্রী ও পণ্য পরিবহন সম্পূর্ণ স্থগিত রয়েছে। এর আগে জর্ডানের আল-জাদিদা গ্রাম থেকে তিন ঘণ্টার গোলাগুলির পর দুই ভাই ও তাদের ভগ্নিপতিকে গ্রেপ্তার করে জর্ডান পুলিশ। জর্ডানের এক সরকারি সূত্র আল জাজিরাকে জানায় যে বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজনরা গুরুতর আহত হন।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গির্জায় হামলায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোরতম শাস্তি’ প্রদানের হুঁশিয়ারি দেন এবং নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দেন। উল্লেখ্য, শুক্রবার কারাকের এক গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যে যোগ দেওয়া শোকসন্তপ্তদের ওপর তিন বন্দুকধারী গুলি চালালে অন্তত ৯ জন নিহত ও বহু মানুষ আহত হন।
সূত্র: আল জাজিরা
এমএইচ
আন্তর্জাতিক ডেস্ক 





















